প্রকাশিত: Mon, May 1, 2023 10:06 AM
আপডেট: Fri, Sep 11, 2026 11:05 AM

নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতকরণসহ ১০ দফা দাবি গার্মেন্টস শ্রমিকদের

জেরিন আহমেদ: আন্তর্জাতিক শ্রমিক দিবসে উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব দাবি উত্থাপন করা হয়। 

১০ দাবি হলো, ১. নিম্নতম মজুরি ২৩,০০০ টাকা করা, ২. প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা, ৩. অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা এবং আই এলও সনদ ১৮৯ অনুস্বাক্ষর করা, ৪. কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতা রোধ করতে আইএলও সনদ ১৯০ অনুস্বাক্ষর করা,  ৫. সকল কারখানায় লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি বন্ধে অ্যান্টি হ্যারেজম্যান্ট কমিটি গঠন করা, ৬. শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, ৭. ব্র্যান্ড অ্যাকর্ড চুক্তি স্বাক্ষর কর ও প্রাইসরেট বৃদ্ধি করা, ৮. সকল শ্রমিকদের জন্য মৃত্যুভয়হীন নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা,  ৯. ২০২৩-২০২৪ অর্থ বছরের জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখা এবং ১০. বাংলাদেশ শ্রম বিধিমালায় সন্নিবেশিত শ্রমিক স্বার্থ-বিরোধী বিধিসমূহ বাতিল পূর্বক নতুন বিধিমালা প্রণয়ন করা।

সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খাদিজা আক্তার ও অন্যান্য নেতা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব